ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনে দিনে ভয়ংকর হয়ে উঠেছে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুর রোগীর সংখ্যা প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে। ভয়াবহতার চিত্রটি বোঝা যায় হাসপাতালে গেলে। রাজধানীর প্রতিটি হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। এক বেডে দুইয়ের অধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মেঝেতেও জায়গা নেই। হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা।
এদিকে কোনো কোনো হাসপাতালে চিকিৎসকদের চেম্বারে পর্যন্ত এক্সট্রা বিছানা দিয়ে রোগী রাখা হয়েছে। এমনকি কোথাও কোথাও রোগী রাখতে হচ্ছে হাসপাতালের বারান্দাতেও। রোগীর স্যালাইন বেঁধে রাখা হচ্ছে জানালার গ্রিলে কিংবা কলাপসিবল গেইটে। এই ভয়াবহতার মধ্যে রোগীরা কেবল চিকিৎসকের চোখের সামনে থাকবেন এজন্য একটু জায়গা চেয়ে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। আর উদ্বেগ নিয়ে শয্যা পাশে বসে আছেন স্বজনরা। ডেঙ্গু রোগীর চাপে অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।
এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৭ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন ও ঢাকার বাইরের ২ হাজার ১৭৮ জন।