ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি।
৩০ জুলাই দিবাগত রাতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জনাব, জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ১০টা ১৫ মিনিটে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে উক্ত এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।