ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খালের পানিতে ডুবে ময়মনসিংহের হালুয়াঘাটে চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বিলডোরা ইউনিয়নে পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম দরিয়াকান্দা গ্রামের তুলা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৮) ও বুরহান উদ্দিনের মেয়ে জান্নাত (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশে বালুয়াকান্দা খালের কাছে খেলাধুলা করছিল দুই শিশু। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে খালের মধ্যে ভাসতে দেখে সেখান থেকে তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে নিহত আব্দুল্লার বাবা তুলা মিয়া বলেন, আমার ছেলে মাদ্রাসায় পড়ত। সে বাড়িতে বেড়াতে এসেছিল। তার ভাতিজি জান্নাতকে নিয়ে খেলতে গিয়েছিল বাড়ির পাশেই খালের পাড়ে এবং তারা দুইজন খালে পড়ে যাওয়ায়, তাদের খোঁজ পাওয়া যায়নি। একপর্যায়ে খালের মধ্যে ভাসতে দেখে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফেরদৌস আলম বলেন, আমি জেনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।