ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তুরাগ নদের ওপর গাজীপুরের টঙ্গীতে সেতু নির্মাণের দাবিতে মানব-বন্ধন, বিক্ষোভ মিছিল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছেন স্থানীয়রা। আজ সোমবার সকাল ১০টায় তারা মহাসড়ক অবরোধ করে মানব-বন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। পরে বেলা ১১টায় সড়ক ও জনপদ বিভাগের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
মানব-বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা।