বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৩

কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে পাথরবোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাচারকালে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা দামের ভারতীয় কসমেটিকস, শাড়ি, গাঁজা, বিয়ার ও মশার কয়েল জব্দ করা হয়েছে, আর এ বিশেষ অভিযান চালিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি)। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জনাব, তানজিলুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় তিনটি স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার পানসি হোটেলের সামনে চেকপোস্ট বসায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ১ কোটি ৭৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, শাড়ি, গাঁজা, বিয়ার ও মশার কয়েল জব্দ করা হয়।
একই দিন চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তের বনশোটি এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ১৮ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল বিয়ার জব্দ করা হয় এবং দুধপাতিল বিওপির টিলাবাড়ি এলাকায় ভারতে পাচারের সময় ৫৪ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়। জব্দকৃত মশার কয়েলের আনুমানিক দাম ৭০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছেন, উদ্ধার হওয়া ভারতীয় পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং গাঁজা ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।