ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। সোমবার দুপুর বারোটায় গাজীপুর প্রেসক্লাব ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি ল্যাপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজন করে এ কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা।
গাজীপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম এতে সভাপতিত্ব করেন।
আয়োজক সংস্থার লেপ্রসি সার্ভিস প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট অফিসার স্যামুয়েল সরকার কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা, রোগী চিহ্নিতকরণ ও রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি পৃষ্ঠপোষকতার উপর সূচনা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন বাবুল চন্দ্র রায়।
মতবিনিময় সভায় বাংলাদেশে কুষ্ঠ রোগের বর্তমান অবস্থা, এ রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, সামাজিক কুসংস্কার দূরীকরণে করণীয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন দি ল্যাপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. পবন রোজারিও।
ডা. পবন রোজারিও আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠরোগমুক্ত করার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্য অর্জনে সরকারের সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল। জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কুষ্ঠরোগীরা সুচিকিৎসা পাচ্ছে । গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ি এলাকায় কুষ্ঠরোগীদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে।
স্বাস্থ্য বিভাগ এই রোগীদের সুচিকিৎসায় সহযোগিতা করছে বলে জানান ডা. পবন রোজারিও।