ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে আব্দুল বারেক শেখ (৫০) নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক শেখ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬নং মধ্য বালিপাড়া ওয়ার্ডের আব্দুল হাকিম শেখের ছেলে এবং বালিপাড়া বাজারে তার হোটেল ব্যবসা ছিল।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. মারুফ হোসেন বলেন, বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে।