ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে লোহাগাড়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করেন। পরে আহত ট্রাকচালককে লোহাগাড়ার মা-মনি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত ছিল।