শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৫

কারখানার গুদামে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পোশাক কারখানার কার্টুন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এ ঘটনা ঢাকার গাজীপুরের কাশিমপুরে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় একটি গার্মেন্টস এর কার্টুন গুদামে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ছয়টি ইউনিট উদ্ধারকাজে যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। কার্টুন ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন চারিদিক থেকে ঘিরে ফেলেছেন, ফলে আগুন নতুন করে আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বিপুল পরিমাণ কার্টুন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।