ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর ও সদর উপজেলায় ৬০০ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার মাদারীপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকার লিখন খান, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রতন মণ্ডল ও সজিব মোল্লা। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে তপু হাওলাদারের গাড়ির গ্যারেজের সামনে অভিযান চালানো হয়।
এ সময় লিখন খানের কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এর পরে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি সর্বজনীন দুর্গামন্দির এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ রতন মণ্ডল ও সজিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়।