ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করতে নেমে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদীতে নিখোঁজ হওয়ার এক দিন পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জের বাঁশবাজারসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়মের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং আবেদন গৃহীত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।