ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাহবুবুর রহমান (৪০) নামের একজনকে তার নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা খুলনা মহানগরীর দৌলতপুর থানায়। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার মাহবুবুর রহমানের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
জানা যায়, মাহবুবুর রহমান তার বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন।
এ সময় মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি প্রথমে মাহবুবুর রহমানের মাথায় কয়েকটি গুলি ও পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মীর আতাহার আলী বলেন, মাহবুবুর রহমান দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। ঘটনার খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।