ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ত্রিমুখী সংঘর্ষে টাঙ্গাইলের মধুপুরে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও একটি পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুইজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত কয়েকজন।
মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে, আর এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।