ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মাদারীপুরের শিবচরে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শামীম আহমেদ। তিনি ওই কাভার্ডভ্যানের চালক।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের শিবচর উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।