মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩০

ভাইয়ের হাতে ভাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসতভিটা নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মাঝে পৈত্রিক বসতভিটা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ মিয়া উত্তেজিত হয়ে তার বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নওশাদ মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) জনাব, আমিনুল ইসলাম বলেন, নওশাদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।