ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্বশত্রুতার জেরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের সরদার বাড়িতে এই ঘটনা ঘটে। মো. জসিম ওই বাড়ির মনু মিয়ার ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি জনাব, বখতিয়ার উদ্দিন জানান, কয়েক দিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়।
এটা নিয়ে জসিমের সঙ্গে অন্য একটি পক্ষের বিরোধ দেখা দেয়। সেই পক্ষ জসিমকে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। গতকাল বিকেল ৫টার দিকে বিরোধীয় পক্ষের লোকজন ঘরে ঢুকে জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাঁকে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা জানা গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।