ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে যতিশ বালা। এ ঘটনায় শুক্রবার পিরোজপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পিরোজপুরের পুলিশ সুপার জনাব, মুহাম্মদ শরীফুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। স্বীকারোক্তিতে যতিশ বলেন, দীর্ঘদিন যাবত আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিল। তাই পূর্বপরিকল্পিকভাবে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।
পুলিশ সুপার জনাব, মুহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।