শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১

ছুরিকাঘাতে এক যুবক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারের জেরে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি জনাব, মো. শামীম হোসেন।
নিহত রোহিঙ্গা নাগরিকের নাম মোহাম্মদ ইসমাইল।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিকালে কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বালির মাঠের পাশ দিয়ে মোহাম্মদ ইসমাইল বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে পাঁচ-ছয় জন অজ্ঞাত দুর্বৃত্ত গতিরোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইসমাইলকে উদ্ধার করে। পরে তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
ওসি বলেন, কারা, কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে পুলিশ তথ্য পেয়েছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।