ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলো সরকার সেই রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই। রুনু কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। এর আগে, চলতি বছর ২৭ জানুয়ারি তাকে দিয়েই দেশে টিকার কার্যক্রম শুরু হয়।
রবিবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) মিলনায়তনে অডিটরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’-এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব, জাহিদ মালেক।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. জনাব, এ কে আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জনাব, শ ম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে, তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এ জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।
প্রথমে সম্মুখসারির ব্যক্তিদের (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি) বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে অন্যরাও বুস্টার ডোজ পাবে।