ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পশুর হাটগুলোয় ঢাকা রাজধানীতে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি গরু-মহিষ নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যাপারীরা। তবে এবার কোরবানির বাজারে স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি। পশুখাদ্য, পরিবহন ও আনুষঙ্গিক খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় গরুর দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানান বিক্রেতারা।
গতকাল শুক্রবার ঢাকা রাজধানীর উত্তরা দিয়াবাড়ী ও গাবতলী পশুর হাট থেকে জানা যায়, বাজারে এখনো পুরোপুরি বেচাকেনা শুরু না হলেও ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। বিক্রেতারা বলছেন, এখনো দর্শনার্থী বেশি, প্রকৃত ক্রেতা কম। অন্যদিকে ক্রেতারা দাম শুনে কিছুটা দ্বিধায় থাকলেও মাঝারি বাজেটের গরুর প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে।