ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ। বিচারপতি জনাব, মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি জনাব, মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
রুলে বিভিন্ন মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ও পেমেন্ট গেটওয়ে কম্পানির কাছে গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরানোর নির্দেশনা দিতে বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন ও ব্যারিস্টার জনাব, এম আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব, নওরোজ মো. রাসেল চৌধুরী।
বাসস জানায়, গত ২১ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়। ভোক্তা অধিকার সংগঠন কানশাস কনজিউমারস সোসাইটির (সিসিএস) পক্ষে ব্যারিস্টার সাবরিনা জেরিন এ রিট পিটিশন দায়ের করেন। রিট দায়েরের আগে ই-কমার্স প্রতিষ্ঠানে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি লিগ্যাল নোটিশ দেয় সিসিএস। আইনজীবী সাবরিনা জেরিন বলেন, লিগ্যাল নোটিশের জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয় এবং আদালত গতকাল রুল জারি করে আদেশ দেন।