রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৫

চিকিৎসকদের মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডা. নাসির উদ্দিনের ওপর (শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির উদ্দিন) বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শরীফ মজুমদার, ইন্টার্ন প্রতিনিধি ডা. নাজমুল গাজী, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।