ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলতি অর্থবছর কুষ্টিয়ার কুমারখালীতে পিঁয়াজের আবাদে আগ্রহ দেখা গেছে চাষিদের মাঝে। মাঠে মাঠে পিঁয়াজের চারা রোপণে ধুম লেগেছে।
তবে কৃষকদের অভিযোগ, ডিলারদের সিন্ডিকেটের কারণে চাহিদামত নন ইউরিয়া টিএসপি, এমওপি এবং ডিওপি সার পাওয়া যাচ্ছে না। আবার কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দিলেই সার দিচ্ছেন সাব ডিলার ও অসাধু ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকদের লাইনে দাঁড় করিয়ে ন্যায্যমূল্যে সার বিক্রি করা হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছিল। তাদের অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
সার নিয়ে ডিলাররা কোনো সিন্ডিকেট করলে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, ফারজানা আখতার। তিনি বলেন, কৃষকরা যেন সরকারি দামে এবং চাহিদা অনুযায়ী সার পায় সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন প্রশাসন।