ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মো. উমর ফারুকের নির্দেশনায় রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর, হাসনাবাদ, ইকুরিয়া, আগানগর ঘাট, খোলামোরা ঘাট ও আটি বাজারসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ এবং উপজেলা মডেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।
এ বিষয়ে ইউএনও জনাব, মো. উমর ফারুক বলেন, প্রচণ্ড শীতে যেন কেউ কষ্ট না পান, সেই চিন্তা থেকেই গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো প্রশাসনের মানবিক দায়িত্ব।