ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চরম ভোগান্তি তৈরি করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার অভ্যন্তরীণ সড়কগুলো এবং এই সড়ক গুলোর বেহাল দশা। বিশেষ করে রামগঞ্জ আঙ্গারপাড়া পাকার মাথা থেকে জামতলি বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে সহস্রাধিক গর্ত ও খানাখন্দে চলাচল হয়ে পড়েছে দুর্বিষহ।
এই ভাঙা রাস্তার কারণেই সম্প্রতি ঘটে যায় এক মানবিক ঘটনা। টামটা গ্রামের এক প্রসূতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সড়কেই সন্তান প্রসব করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক ডা. পলাশ।
রামগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, যেমন শিশুপার্ক ব্রিজ থেকে ফায়ার সার্ভিস, সোনাপুর চৌরাস্তা থেকে চিতোষী সড়ক, পানিয়ালা বাজার, ওয়াপদা সড়ক, রতনপুর, কলচমা, বাঁশঘর, কাজীরখীল, শ্রীপুর-অভিরামপুর, নন্দনপুর-ভাদুর এসব এলাকাগুলোর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আজ চরম অব্যবস্থাপনায় পড়েছে। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় হাঁটুসমান জলাবদ্ধতা, দুর্ভোগ আরও বেড়ে যায়।
টামটা ওয়ার্ড বিএনপির সভাপতি কাউসার পাঠান ও স্থানীয় পরিবহনচালক খোরশেদ জানান, নিয়মিত পৌরকর দিয়েও আমরা কোনো নাগরিক সুবিধা পাই না। এই সড়কগুলো দ্রুত সংস্কার না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রামগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, এস. এম. রবিন শীষ বলেন, পৌরসভার সড়ক উন্নয়নে ইতোমধ্যে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। ডিসেম্বরে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু হবে।