ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবির হোসেন (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে নদী থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। গতকাল শুক্রবার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের কালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাসুদ খান।
আবির হড়রা গ্রামের রুহুল জোয়ার্দ্দারের ছেলে। সে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধু নাফিসের সাথে কালী নদীতে গোসল করতে যায় আবির। তখন সাঁতারে নদী থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সে।
এ সময় তার বন্ধু নাফিস আবিরকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর নাফিসের চিৎকারে স্থানীয়রা এসে আবিরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।