মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৭

এক নারীর মৃত্যু ডেঙ্গুতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩৭ রোগী ভর্তি হয়েছে।
আজ সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
মারা যাওয়া ময়না বেগমের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয়জন। তার মধ্যে রাজবাড়ী জেলার তিনজন, ফরিদপুরের দু’জন এবং মাগুরা জেলার একজন। বর্তমানে হাসপাতালটিতে ১৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।