ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পোশাক কারখানাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্তের মুখে। খাতসংশ্লিষ্টরা বলেন বাংলাদেশের তৈরি পোশাক খাত রাজনৈতিক অনিশ্চয়তা, গ্যাসসংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের নতুন অনেক কার্যাদেশ প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশে চলে যাচ্ছে। বর্তমান সংকট অব্যাহত থাকলে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে এবং দেশের অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে। এ ছাড়া খাতসংশ্লিষ্টরা আরো বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং দক্ষ অবকাঠামো গড়ে তোলা ছাড়া পোশাক খাতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।
গতকাল রবিবার ঢাকা রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত ‘বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাভেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও বারবার অবরোধ, লোডশেডিং এবং গ্যাসসংকটের কারণে কারখানাগুলো সময়মতো উৎপাদন শেষ করতে পারছে না। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত সময়সীমা রক্ষা করতে অনেক রপ্তানিকারককে বাধ্য হয়ে ব্যয়বহুল বিমানপথে পণ্য পাঠাতে হচ্ছে। এতে রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।