মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১

বিষপানে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে নেত্রকোনার পূর্বধলায় ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের ময়মনসিংহ লুনুই গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। ওই কলহের জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে একপর্যায়ে ফারজানা আক্তার ক্ষোভে ঘরে থাকা কীটনাশক পান করেন। এসময় অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে জানান, রোগী আশঙ্কামুক্ত।
কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পথে ফারজানার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের এসআই উত্তম কুমার ভাট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এদিকে পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।