রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৪

বন্দী থাকা নারী-শিশুসহ অনেক লোকজন উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২১ জন ব্যক্তিকে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।