ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ম-নীতির তোয়াক্কা না করে লালমনিরহাট জেলায় যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলা শহরের হাট-বাজার, সব জায়গায় অবাধে এ সিলিন্ডার পাওয়া যাচ্ছে। বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন ছাড়াই এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেক দোকানদার। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাট-বাজারের চায়ের দোকানে চুলার পাশে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা হচ্ছে। পান-সিগারেটের দোকান, খুচরা বাজারের দোকান, এমনকি হার্ডওয়্যার, সিমেন্ট কিংবা মুদি দোকানেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে। দোকানিরা কোনো ধরনের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছাড়াই নানা ব্র্যান্ডের সিলিন্ডার বিক্রি করছেন। এতে ক্রেতা ও স্থানীয়রা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছোট-বড় প্রায় সব বাজারেই এ ব্যবসা চলছে। অনেক ব্যবসায়ী এ বিষয়ে সচেতন নন। ফলে সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাছাড়া বিশেষ করে ট্রাক ও ভ্যানযোগে সিলিন্ডার পরিবহনের সময় সেগুলো ছুড়ে ফেলে নামানো হয় সুতরাং এতে গ্যাস লিক হয়ে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি থেকে যায়। সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত না হলে এ চাহিদাই এক সময় সাধারণ মানুষের জন্য ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।