শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩০

দেশে রেমিট্যান্স এলো রেকর্ড পরিমাণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নভেম্বর মাসের তুলনায় ৭ কোটি ডলার বেশি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত ডিসেম্বর মাসে প্রবাসীরা ১৬২ কোটি ৯০ লাখ (১.৬২ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন দেশে।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ ও নানা সংকটের কারণে টানা ছয় মাস কমেছে প্রবাসী আয়। তারপরও সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স ।
২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি। তবে একক বছরে রেমিট্যান্স বাড়লেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ২১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে সব মিলিয়ে সদ্য সমাপ্ত ২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ২০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কোটি টাকার বেশি; (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা ধরে)। যা ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। এর আগের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ডলার এবং ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি ডলার।