ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা ভারি বৃষ্টিপাতের কারণে এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।
আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিচু এলাকার বসতঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি নদ-নদীর অববাহিকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত, বাদাম ও পাটখেত পানিতে তলিয়ে গেছে।