ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন কোস্ট গার্ড।
গতকাল সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করে বাহিনীটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।