বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৭

অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন নৌ পুলিশ। অভিযানে উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ দরিদ্র মানুষ ও স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৮টা পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের আওতাধীন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে জেলেদের কাছ থেকে মোট ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১)/৫(২)(খ) ধারায় পৃথক পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় নদীতে পেতে রাখা প্রায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।