বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫১

জেলে পরিবারকে খাদ্যসহায়তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর সহায়তায় ভিজিএফের চাল বিতরণ শুরু করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর। কর্মসূচির আওতায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে মোট সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, ডুমরিয়া ও কুশলী ইউনিয়নসহ টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে চাল।
উপজেলা মৎস্য দফতর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কূলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের প্রজনন নিশ্চিতে গত ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং নদীতে মাছ ধরা থেকে বিরত উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ বিশেষ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।