ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা রাজশাহীর বাঘা উপজেলায়। রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম নাইম ইসলাম সাজু (২২)। তিনি উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে রাজশাহীর বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। শিশুটির দাদা বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
ঘটনার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ (মেডিকেল টেস্ট) প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।