শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫

ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন। ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শুরু হয়েছে উদীয়মান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’—এর উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা।
প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও জনাব, সাফফাত আরা সাঈদ।
কুলিয়ারচর থানা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ।
দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়ানৈপুণ্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জনাব, সাফফাত আরা সাঈদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হচ্ছে। এই উদ্যোগ ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।