ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বাস সুপার মার্কেটের তিনটি প্রতিষ্ঠানের গোডাউন, মেশিনপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।