ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
আটক মোহাম্মদ তারেক (২৩) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উদ্ধার হওয়া যুবকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)।
১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক
(এডিআইজি) জনাব, কাউছার সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া চার ভুক্তভোগী ও আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।