রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি মোটরসাইকেলের সংঘর্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।