ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ ঘরে ক্যানসার আক্রান্ত শয্যাশায়ী বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ছেলের বিরুদ্ধে, আর এ হত্যার ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমিরীগঞ্জে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর শিবপাশা ইউনিয়নের আন্ধাবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছেন পুলিশ।
নিহত শাহাবুদ্দিন মিয়া (৬৫) আন্ধাবাড়ী গ্রামের বাসিন্দা। আটক হওয়া তরুণের নাম ইয়াফিন মিয়া, যিনি নিহত শাহাবুদ্দিনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে চতুর্থ।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, নিহতের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে শাহাবুদ্দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ইয়াফিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।