ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব, শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট ৩ আসনের এমপি)। তিনি বলেন, কোস্ট গার্ডের অভিযানে কয়েক কোটি টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।
বুধবার বাগেরহাটের মোংলায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জনাব, শেখ ফরিদুল ইসলাম এমপি। এনরুট ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।
নিষিদ্ধ পলিথিনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে। তাদের অভিযানে কয়েক কোটি টাকার পলিথিন উদ্ধার করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।