শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৬

তেলের দাম না বাড়ানো বড় সাফল্য : স্বরাষ্ট্রমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের কৃষি উৎপাদন সচল রাখতে এবং জনমনে স্বস্তি দিতে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য।
সরকারের আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে আয়োজিত সংসদীয় দলের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান। বৈঠকের শুরুতে স্পিকার জনাব, হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বোরো মৌসুমের ভরপুর সময় চলছে। কৃষি উৎপাদনে যেন কোনো সংকট তৈরি না হয়, সে জন্য সার, বীজ ও বিদ্যুৎ খাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে আমরা মূল্য স্থিতিশীল রেখেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো কৃষিপণ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী অনেক দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনা ঘটলেও, প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
জ্বালানি তেলের পাচার রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি তেল পাচারের কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।