ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দরিদ্র ও অসহায় মানুষের জীবন যখন কঠিন হয়ে ওঠে কনকনে শীতে এবং ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাট জেলার ক্ষেতলাল শাখা। শীতের দুঃসহ কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে সম্প্রতি ক্ষেতলালে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র (কানটুপি, গলা বন্ধনী, হাত মোজা, পা মোজা ইত্যাদি) বিতরণ করা হয়েছে।
এই মানবিক কর্মসূচির আওতায় সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ যেন কোনোভাবেই উপেক্ষিত না থাকে, এই লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত এলাকায় গিয়ে সরাসরি উপকারভোগীদের খোঁজ নেন এবং সহায়তা পৌঁছে দেন।
এ কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ক্ষেতলাল শাখার সভাপতি এম. রাসেল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার এবং সংগঠনের সক্রিয় সদস্য রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনি।