ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ভারত থেকে অবৈধভাবে আসা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজনকে আটক করেছেন লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মোবাইল ফোনের ডিসপ্লেসমূহ গোপনে স্টোর করে রাখা হয়েছে। কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পণ্যসমূহ পাচার করা হবে।
তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তিকে ইজিবাইকযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি করে গাড়ির ভেতরে থাকা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ১০৪৮টি এবং ইজিবাইকে যাত্রী সেজে থাকা উক্ত মালামাল চোরাচালানে জড়িত ব্যক্তি মো. সোহাগকে আটক করেন বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ১০৪৮টি, যার সিজার মূল্য ২২ লক্ষ ৮০০ টাকা।
আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের-পূর্বক মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীর তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।