ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদ-নদীতে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা।
দীর্ঘ বিরতির পর আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে এই নিষেধাজ্ঞার সময় শেষ হবে। সেই আশা নিয়ে নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে।
জানা গেছে, নিষেধাজ্ঞার ২২ দিন ধরে নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল বলে জীবিকা হারিয়ে চরম কষ্টে পড়েছিলেন জেলেরা।
দীর্ঘ বিরতির শেষে নদীতে নামার জন্য শেষ সময়ে কেউ মেরামত করছেন নৌকা, কেউবা পুরোনো জাল সেলাই করে নিচ্ছেন। তবে, চোখে মুখে আনন্দের অনুভূতি থাকলেও আশানুরূপ ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন জেলেরা।