ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে কক্সবাজারের ঈদগাঁওতে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) বিকালে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই শিশুরা হলো একই এলাকার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা ইলমা মণি।
স্থানীয়রা জানায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই কন্যা শিশু।
পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে হাফেজ খানার পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে তাদের তুলে নিয়ে আসেন।
খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ ।