ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ১৯,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব, সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে এ অভিযান চালানো হয়। পুলিশের দলটি একটি হিরো মোটরসাইকেল থামিয়ে কারবারিকে গ্রেপ্তার করে।
পুলিশের দল মোটরসাইকেল তল্লাশি করে এক পর্যায়ে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে থাকা ইয়াবার সন্ধান পায়। পরে মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংকি কেটে ৩০ টি সরিষার তেলের বোতলে প্রতিটিতে ৬৫০ পিস করে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।