রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

যৌথ বাহিনীর পাসপোর্ট অফিসে অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়েছেন যৌথবাহিনী হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জন আটক হয়েছেন। এদের নামে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। টাকা ছাড়া এই অফিসে কোনো ধরনের সেবা মিলে না। টাকা দিলে সবই মিলে এবং দীর্ঘদিন যাবত এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝেমধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুটিরা। তবে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাঘব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। এরই প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা কর্মী উসমান গনি ও ঝাড়ুদার উমেশ পালের সাথে কতিপয় দালালদের সখ্যতা থাকায় আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, সাইকুল ইসলাম তাদেরকে সাজা দেওয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরও কারও নাম আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
এদিকে হবিগঞ্জ থানার ওসি জনাব, এ কে এম শাহাবুদ্দিন শাহিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।